ওঙ্কার ডেস্ক: ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন গত নির্বাচনে। তবে এ বারে সেই দাপুটে নেতা শওকত মোল্লাকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে ভাঙড় বিধানসভায়। ২০২১ সালে যে কেন্দ্রে জয়ী হয়েছেন আইএসএফ নেতা পীরজাদা নওসাদ সিদ্দিকি। দক্ষিণ ২৪ পরগনা জেলার এই কেন্দ্র তৃণমূলের জন্য কঠিন পিচ। ফলে এখানে জয় পাওয়া সহজ নাও হতে পারে জোড়াফুল শিবিরের জন্য। আর সে কারণেই ক্যানিং পূর্ব বিধানসভায় পুনরায় শওকত মোল্লাকে প্রার্থীপদ দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হলেন তাঁর অনুগামীরা।
মঙ্গলবার রাত থেকে তৃণমূলের কর্মীদের একাংশ জীবনতলায় বিধায়কের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন। সেই বিক্ষোভ অব্যাহত বুধবার সকালেও। থেকে ফের শুরু হয়েছে বিক্ষোভ, অবস্থান। তাঁদের দাবি, কোনওভাবেই শওকত মোল্লাকে ভাঙড়ে প্রার্থী করা যাবে না। তাঁকে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে টিকিট দিতে হবে। এই বিক্ষোভ সম্পর্কে মুখ খুলেছেন তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনার এই ডাকসাইটে নেতাও।
উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের নাম প্রকাশের পর জানা যায়, ক্যানিং পূর্বে প্রার্থী করা হয়েছে ভাঙড়ের নেতা তথা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামকে। আর শওকতকে দেওয়া হয়েছে ভাঙড় আসনটি।
