ওঙ্কার ডেস্কঃ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের আশ্বাসে স্বস্তি মিলেছে মতুয়া সমাজের। বাংলাদেশি নথি সঙ্গে না থাকলেও এবার সিএএ-তে আবেদন করা যাবে! আশ্বাস দিলেন শান্তনু ঠাকুর। সিএএতে আবেদন করে নাগরিকত্ব মিলবে। এবার নথি না থাকলেও আবেদনে নাগরিকত্বের আশ্বাস দিলেন বনগাঁর সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
বনগাঁয় তপশিলি মোর্চার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বাস্তু মতুয়াদের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, “সিএএতে এখন খুব দ্রুত কাজ হচ্ছে। আমরা নাগরিকত্ব পাচ্ছি। একটা বিষয় জটিলতা আছে৷ সিএএতে আবেদন করতে বাংলাদেশের নথি প্রয়োজন হচ্ছে। সেই ডকুমেন্ট ছাড়া সিএএ-এর ফর্মপূরণ করা যাচ্ছে না। অনেকের নেই, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে। আগামীতে এই সমস্যা থাকবে না। আমি মনে করি আগামীতে ছাড় দেওয়া হবে৷ আমরা চেষ্টা করছি, আমাদের যে সমস্ত সংস্থা আছে, তাদের মাধ্যমে সার্টিফাই করে সার্টিফিকেটের মাধ্যমে, যাতে নাগরিকত্ব পাওয়া যায় তার সুবন্দোবস্ত হচ্ছে৷”
উদ্বাস্তু মতুয়ারা জানিয়েছেন ,রাতের অন্ধকারে বহু মানুষ পালিয়ে ভারতে এসেছিলেন। কোনও নথিপত্র ছাড়াই এদেশে আসা। তাই শান্তনু ঠাকুরের কথায় স্বস্তি মিলেছে মতুয়া সমাজের। সিএএতে আবেদন করে উদ্বাস্তু মতুয়াদের নাগরিকত্ব নেওয়ার আবেদন দীর্ঘদিন ধরে জানিয়েছে বিজেপি৷ অনেকেই আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন আবার বহু মানুষ আবেদন করতে গিয়ে বাংলাদেশি নথি না থাকায় ফর্মপূরণ করতে পারছেন না৷ তবে আগামীতে যদি এই নথি না লাগে, তাহলে সিএএ ফিল আপ করতে পারবেন অনেক মানুষই।