ওঙ্কার ডেস্ক: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর উত্তেজনা ছড়িয়েছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। ভোট পরবর্তী সেই হিংসার ঘটনার তদন্তে নেমে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ-সহ ১০ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সিবিআই এর তরফে জানানো হয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে হিংসার ঘটনায় অভিযুক্ত ধৃতেরা।
সিবিআই সূত্রে খবর, গ্রেফতার হওয়া দশজন অভিযুক্তের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির কুখ্যাত এবং বর্তমানে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী কাদের মোল্লা। ২০২৪ সালের ৫ জানুয়ারি সন্দেশখালিতে শাহজাহানের বাড়ির সামনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের উপর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সিবিআই তাকে চিহ্নিত করার পর শাহজাহান বর্তমানে জেলে আছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একি আধিকারিক জানিয়েছেন, ২০১৯ সালের ৮ জুন সন্দেশখালি এলাকার ন্যাজাট-এ বিজেপির তিন কর্মী দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডলের হত্যার ঘটনায় এই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সময় দলের পতাকা তোলা নিয়ে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ, শাহজাহানের নির্দেশে কাদের মোল্লা ও সহযোগীরা বিজেপি কর্মীদের কুপিয়ে হত্যা করে।
তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি এই মামলার তদন্ত শুরু করেছিল। তবে, চার্জশিট জমা করলেও শাহজাহান-সহ ২৮ অভিযুক্তের নাম বাদ দেওয়া হয়েছিল সে সময়। এরপর, নিহতদের পরিবার এই বিষয়ে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তাঁদের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। দীর্ঘদিন ধরে পলাতক ছিল কাদের মোল্লা এবং অন্য নয়জন। অবশেষে, এই মামলায় কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।