ওঙ্কার ডেস্ক: নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রোজগার মেলায় অংশ নিয়ে একথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে তিনি এ ঘোষণা করেন। পর্যবেক্ষকদের মতে, এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারী শনিবার বলেন, ‘যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, তাঁর নিজের উত্তরপত্রের প্রতিলিপি হাতে থাকা উচিত। কার্বন কপি নিজেদের কাছে রেখে দেওয়ার সংস্কৃতি থেকেই স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগের জন্ম হয়েছে। তাই এই ব্যবস্থার পরিবর্তন জরুরি।’ তিনি স্পষ্ট ভাবে জানান, নতুন নিয়োগ নীতিতে ওএমআর এর কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন নিয়েও নতুন করে ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি।
এদিন তৃণমূল জমানায় নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বিগত সরকারের আমলে দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর কথায়, ‘আপনারা জানেন পশ্চিমবঙ্গের বদনাম হয়ে গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি, হাই কোর্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল। নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যের অনেক ক্ষতি হয়েছে।’