ওঙ্কার ডেস্কঃ ইউসিসি সংক্রান্ত বিল সোমবারই আসতে পারে বিধানসভায়! সরকার যদি ওই বিল নিয়ে আসে, তাহলে যথাযথ আলোচনা প্রয়োজন বলে দাবি বিরোধীদের। তবে এখানেই সমস্যা। কারণ বিধানসভায় এখন তৃণমূলের দুই শিবির। দুই শিবিরই এই বিলের বিরোধিতা করবে তাঁর সম্ভাবনা প্রবল। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, ইউসিসি বিরোধিতার তবে কী সোমবার ঝড় উঠতে চলেছে বিধানসভায়?
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইউসিসি তো বটেই ‘গুন্ডাদমন বিল’-সহ আরও যে সব বিল আসবে, সবক’টিরই বিরোধিতা করা হবে। এদিকে বিধানসভা সূত্রে জানা গিয়েছে ইউসিসি বিল সম্ভবত অধিবেশনের দ্বিতীয়ার্ধে পেশ হতে পারে।
অন্যদিকে, কালীঘাট তৃণমূলও সোমবার বিধানসভায় বিরোধিতার জন্য প্রস্তুত বলে খবর। তাঁদের তরফে নির্বাচিত বিরোধী দলনেতা, বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় কালীঘাট তৃণমূলের তরফে বক্তব্য রাখবেন। ওই শিবির থেকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও বক্তব্য রাখতে পারেন।
অভিন্ন দেওয়ানি বিধি গোটা এখনও পর্যন্ত অসম, উত্তরাখণ্ড, গুজরাট – এই তিন রাজ্যে আইন আকারে লাগু হয়েছে। বিজেপিশাসিত নতুন রাজ্য পশ্চিমবঙ্গেও এবার এই বিল পেশ হতে চলেছে। সরকারপক্ষ একে আইনে পরিণত করতে বদ্ধপরিকর। তবে শুভেন্দু শিবিরের অনুমান, বিধানসভায় বিলটি এলে বিরোধীরা তাৎক্ষণিক বিরোধিতা করবেন। সেই বিরোধিতা মোকাবিলার জন্যও সরকার পক্ষ তৈরি।