অর্পিতা মুখার্জী, কলকাতা: ডিসেম্বর এলেই কি ঢাকার মাটিতে পা রাখবেন শেখ হাসিনা? পদ্মাপারের সংবাদমাধ্যমে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে। কারও মতে, নয়াদিল্লি নাকি তাঁকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারও মতে, ফেরানোর পদ্ধতি নিয়েও কথা চলছে। কিন্তু শুক্রবার বিদেশমন্ত্রকের সাংবাদিক বৈঠকে এই নিয়ে একটিও বাড়তি কথা বলতে চাইলেন না মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে দাবি, হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত দু’টি বিষয়ে জোর দিয়েছে। এক, হাসিনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে। কারণ, ২০২৪-এর অগস্টে তিনি যখন ভারতে আসেন, তখন তাঁর সঙ্গে ছিল সামরিক বিমান। ফেরার সময়ও সেই পথেই ফেরানো হোক, এমনটাই নাকি চাইছে দিল্লি। অর্থাৎ, ঢাকা থেকে দিল্লিতে সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। দুই, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পেতে হবে হাসিনাকে। বিচার প্রক্রিয়া যাতে নতুন করে শুরু হয়, সেই শর্তও নাকি রাখা হয়েছে।
তবে এই দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি জয়সওয়াল। তাঁর সাফ কথা, এটা আইনের বিষয়। আইন মেনেই যা করার করা হবে। এর বাইরে আর কিছু বলার নেই। একই বৈঠকে ঢাকায় ভেস্তে যাওয়া ভারত-বাংলাদেশ কনস্যুলার বৈঠক নিয়েও প্রশ্ন ওঠে। জয়সওয়াল জানান, দু’দেশের সুবিধামতো সময়ে বৈঠকটি হবে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, ঢাকার সঙ্গে ভাল, গঠনমূলক এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে সম্পর্ক রাখতে চায় ভারত। বাণিজ্য, রেল যোগাযোগ, জল, সীমান্ত-সহ একাধিক বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
এদিকে হাসিনার ফেরার বার্তা ছড়াতেই বাংলাদেশে উত্তেজনা বাড়ছে। জায়গায় জায়গায় আগুন লাগানোর খবর আসছে। তার মধ্যেই কুষ্টিয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক তথা সাংসদ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। সন্দেহের আঙুল উঠেছে আওয়ামি লিগের কর্মীদের দিকে। যদিও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে। অর্থাৎ, দিল্লি চুপ। কিন্তু ঢাকায় আগুন আর জল্পনা, দু’টোই বাড়ছে।