অর্পিতা মুখার্জী, কলকাতা: মধ্যরাতে হঠাৎই থমকে গেল আমেরিকার আকাশ। টেলিযোগাযোগ ব্যবস্থায় গোলমালের জেরে সব উড়ান বন্ধ করে দিতে বাধ্য হল ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। কয়েক ঘণ্টা ধরে দেশজুড়ে কোনও বিমান চলাচল করতে পারেনি। যার জেরে বিমানবন্দরে আটকে পড়েন হাজার হাজার যাত্রী।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েন মুলিন জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার পর এই নিয়ে দ্বিতীয়বার এভাবে গোটা দেশে উড়ান বন্ধ রাখা হল। তবে পরে নাশকতা বা হামলার কোনও আশঙ্কা নেই বুঝতে পেরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। দীর্ঘ কয়েক ঘন্টার বিরতির পর ফের উড়ান চলাচল আবার শুরু হয়।
তবে নিষেধাজ্ঞা উঠে গেলেও ভোগান্তি এখনও কাটেনি। বিমান আর কর্মীদের ঠিক জায়গায় পৌঁছতে সময় লাগছে। ফলে এখনও বহু উড়ানে দেরি বা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দরে আটকে পড়েন রাইলি অ্যালেক্সিস হোমস। ভাইয়ের মিউজিক্যাল শোয়ের শেষ রাতে ওরেগন পৌঁছনোর কথা ছিল তাঁর। প্রায় দু’ঘণ্টা অপেক্ষার পর জানতে পারেন, উড়ান বাতিল। তাঁর কথায়, “মাকে ফোন করে কেঁদে ফেলেছি। এখন শুধু বসে আছি, কখন কী খবর আসে তার অপেক্ষায়।”
আরেক যাত্রী বলেন, “খুব বিরক্ত লাগছে। বিমানবন্দরে এসে হঠাৎ সব পরিকল্পনা বদলে গেল। কখন যাব, জানি না। একেবারে আটকে গিয়েছি।”
নিউয়ার্ক বিমানবন্দরে কাজের জন্য টরন্টো যাওয়ার চেষ্টা করছিলেন হোসে নামে এক যাত্রী। তাঁর অভিযোগ, গ্রাউন্ড স্টপ শুরু হওয়ার পরেও তাঁকে টিকিট বিক্রি করা হয়েছে। তাঁর কথায়, “এটা তো আগেই ঘটেছে, তারপরও ওরা আমাকে টিকিট বিক্রি করল।”
উল্লেখ্য, আমেরিকার সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মরসুম থ্যাঙ্কসগিভিংয়ের দু’সপ্তাহেরও কম সময় আগে এই ঘটনা ঘটল। এই পরিস্থিতিতে বিভিন্ন বিমান সংস্থা যাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকা থেকে আসা ও যাওয়া উড়ানে বিঘ্ন ঘটতে পারে। বিমানবন্দরে যাওয়ার আগে উড়ানের অবস্থা দেখে নিতে বলা হয়েছে। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, গ্রাউন্ড স্টপ জারি থাকলেও কিছু বিমানবন্দরে ধীরে ধীরে ছাড়ার অনুমতি দেওয়া শুরু হয়েছে।
মার্কিন পরিবহণ সচিব শন ডাফি এই বিভ্রাটের জন্য পুরনো ব্যবস্থাকেই দায়ী করেছেন। তাঁর দাবি, পুরনো টেলিকম ব্যবস্থা অতিরিক্ত ডেটার চাপ নিতে না পেরে গোলমাল করেছে। আর কংগ্রেস সেই ব্যবস্থা বদলানোর জন্য পুরো টাকা দেয়নি। তাঁর কথায়, “এটা অ্যানালগ টেলিকম। আমাদের সুইচ, রাউটার অতিরিক্ত ডেটায় ওভারলোড হয়ে গিয়েছিল। সেগুলো বন্ধ হয়নি ঠিকই, কিন্তু ডেটায় অসঙ্গতি দেখা দিচ্ছিল। সেই কারণেই আমরা ব্যবস্থা বন্ধ করে দিই।”
ডাফি আরও বলেন, “আমাদের অত্যাধুনিক এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ব্যবস্থা বানানোর জন্য অর্থ দিন। এটা নিয়ে জোড়াতালি দেওয়া চলবে না। এটা ডেমোক্র্যাট বা রিপাবলিক্যানদের বিষয় নয়, এটা আমেরিকার বিষয়। আমাদের টাকা দিন, যাতে আমরা ঠিক করতে পারি।”