অর্ণব দত্ত
করোনা পর্ব এবং পরবর্তী সময়ে পেশাগত রোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যদিও কেন্দ্র ২০২০ সালে চালু করেছে অকুপেশনাল সেফটি, হেলথ এবং ওয়ার্কিং কন্ডিশনস কোড
দক্ষিণ এশিয়া সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘিঞ্জি এলাকা। করোনা পরিস্থিতিতে কেন্দ্র এবং দেশের রাজ্য সরকারগুলি সামাজিক দূরত্ব বজায় রাখার সতর্কতা জারি করলেও ঘরদোরে বহু মানুষের দূরত্ব বজায় রাখার উপায়ই ছিল না। কেননা কজনই আর অনেকটা জায়গা নিয়ে বসবাস করেন ? ফলে করোনা অতিমারিতে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
এরপর লকডাউন ওঠার পর দেখা যাচ্ছে, নানা ক্ষেত্রে কর্মীদের পেশাজনিত নানা ধরনের অসুখ-বিসুখ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক কর্মী সম্প্রদায় অসংগঠিত ক্ষেত্রে কর্মরত। কলকারখানাগুলিতে কর্মরত শ্রমিক, কৃষিজীবী সম্প্রদায় এবং বেসরকারি অফিস-কাছারিতে কর্মরতদের একাংশকে ছাঁটাই করা হচ্ছে স্রেফ কর্মক্ষমতা হারিয়ে ফেলার জন্য।
সুতরাং ঘোর সঙ্কট বলা চলে। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে, অনেকক্ষেত্রে পেটের খিদে মেটাতে অসুস্থ শরীর-মন নিয়েও কর্মীশ্রণি খেটে চলেছেন। অনেক সময়ে তাঁরা কর্মক্ষেত্রে চেয়ারে বসা অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হচ্ছেন। একাধিক কর্পোরেট সংস্থায় এধরনের ঘটনার খবর জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত করোনার পর থেকে। আবার বহুক্ষেত্রে এ সংক্রান্ত খবরাখবরের টিকিও জানা যাচ্ছে না। সরকারের হাতে তথ্য নেই।
সূত্রের খবর, শিল্পক্ষেত্র বা কলকারখানাগুলিতে যাঁরা কাজ করছেন, তাঁদের যে সমস্ত অসুখ-বিসুখগুলি হচ্ছে এর ভিতর গায়ে-হাতে-পায়ে জ্বালা জ্বালা ভাব, হরেক ধরনের চর্মরোগ থেকে শরীরের নানা অংশে লালচে ভাব দেখা দিচ্ছে। বহুক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে কর্মরত কর্মী থেকে শুরু করে নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত অসংখ্য কর্মী নানাবিধ প্রদাহজনিত সমস্যার শিকার। করোনা পরিস্থিতির পর থেকে বহু ভারতীয় পেশাদার অথবা অসংগঠিত ক্ষেত্রে কর্মরতরা ক্রমবর্ধমান হারে অ্যালার্জির শিকার। স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মতে, লকডাউন ওঠার পর খনি এবং নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত কর্মী সম্প্রদায়ের অগুন্তি নরনারী শ্বাসকষ্টৃজনিত এবং ফুসফুসের রোগে ভুগছেন। ধূলোবালি থেকে এধরনের ব্যাধি সৃষ্টি হচ্ছে লকডাউন পর্ব থেকে এখনও।
কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যাবে, তা নিয়ে চিন্তিত সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবীরা। ভারতীয় নাগরিকদের ভিতর যাঁদের পেশাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এই সমস্যা ‘নীরব সমস্যা’ হিসেবে অভিহিত করেছে এশিয়ান জার্নাল অব মেডিক্যাল সায়েন্স। আরও জানা গিয়েছে, দেশের মেট্রো শহরগুলির কর্পোরেট সংস্থা পরিচালিত প্ল্যান্টে কর্মরত কর্মীদের পেশাঘটিত রোগ সারাতে ডাক্তারবাবু নিয়োগ করা হলেও গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্যে রোগ সারানোর ব্যবস্থাই নেই।
এদেশের কর্মীশ্রেণির ৯০ শতাংশ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত। অসুস্থ, কোনও কোনও ক্ষেত্রে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে নিয়ে পরিবার ঘোরতর সঙ্কটের শিকার। এদিকে মালিকের উদ্যোগে পোষিত অকুপেশনাল হেলথ সেন্টারের সংখ্যা ২০২৬ সালেও হাতেগোনা। শুধু তাই নয়, রোগ সারাতে প্রশিক্ষিত কর্মীর একান্ত অভাব। আরেকটি বিষয় হল, পেশী এবং অস্থিজনিত গুরুতর অসুখ দেখা দিচ্ছে।
গ্রামীণ এলাকায় কৃষক তথা শ্রমজীবী সম্প্রদায়কে কীটনাশক প্রভৃতি নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয়। তাঁদের ঘা, চুলকানি, হাজা-সহ নানা ধরনের অসুখ দেখা দিলেও ডাক্তার দেখানোর সুযোগ নেই দুটি কারণে। প্রথমত, ডাক্তার নেই পর্যাপ্ত সংখ্যক, দ্বিতীয় কারণ অসুথ সারাতে ওষুধ কেনার টাকাপয়সা নেই।
তাহলে কি উপশম নেই ? আছে, তবুও রোগভোগ সয়ে আপাতত বেঁচে থাকবে হবে। সরকারি স্তরে এই সমস্যা দূরীকরণে নীতি প্রণয়নের জন্যে পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল ইন্সটিটিউট অব অকুপেশনাল হেলথ এবং ডাইরেক্টরেট জেনারেল ফ্যাক্টরি অ্যাডভাইস সার্ভিস অ্যান্ড লেবার ইন্সটিটিউট গবেষণা, নীতি প্রণয়ন সংক্রান্ত চর্চা চালাচ্ছে।
এই রোগ উপশমের দেশীয় তথা আয়ুর্বেদিক পদ্ধতি আছে। এবাদে রকমারি থেরাপি আছে। যেমন, সাইকোথেরাপি, ফিজিওথেরাপি, যোগ প্রভৃতি। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইতিমধ্যে ঘোষণা করেছে, পেশাজনিত রোগাক্রান্তদের নিরাময় এবং পুনর্বাসন আন্তর্জাতিক স্তরে মানবাধিকারের অন্তর্গত। অন্যদিকে, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের অভিমত একই।
কেন্দ্রীয় সরকার ২০২০ সালে অকুপেশনাল সেফটি, হেলথ এবং ওয়ার্কিং কন্ডিশনস কোড চালু করেছে, যা ইতিবাচক উদ্যোগ নিঃসন্দেহে। এদেশে কোডটি দ্রুত বাস্তবায়িত হলে খেটে খাওয়া নাগরিকদের স্বাস্থ্যজনিত সমস্যার সুরাহা হত। ও আশা পূরণ কবে হবে, তা এখন স্রেফ সময়ের অপেক্ষা। আর বৃহত্তর সমাজে বিষয়টি অজানা।