ওঙ্কার ডেস্ক : ডাইনি সন্দেহে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। সে রাজ্যের সোনভদ্রে ওবরা থানা এলাকার পারসোয়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। শুধু পিটিয়ে খুন নয়, নিহত মহিলার স্বামীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম রাজবন্তী। বৃহস্পতিবার ডাইনি সন্দেহে তাঁর বাড়িতে চড়াও হন গ্রামবাসীদের কয়েকজন। রাসজবন্তীকে বেধড়ক মারধর করা হয়। সেই সঙ্গে তাঁর স্বামী বাবুলাল কাঁওয়ারকে গ্রামবাসীদের একাংশ মারধর করে বলে অভিযোগ। ওই দিন সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে ঘটনার বিষয়ে। গুলাব নামে এক ব্যক্তির নেতৃত্বেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ। গ্রামে এই খবর ছড়ানো হয় যে, বাবুলাল এবং তাঁর স্ত্রীর কারণেই গ্রামের মানুষজন নানা রকম অসুখবিসুখে ভুগছেন। অভিযোগ, রাজবন্তীরা কালাজাদু করেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গ্রামবাসীদের উত্যক্ত করেছিলেন গুলাব। লোক ক্ষেপিয়ে গ্রামবাসীদের কয়েক জনকে নিয়ে বাবুলাল এবং তাঁর স্ত্রীর উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজবন্তীর। আশঙ্কাজনক অবস্থায় বাবুলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে মূল অভিযুক্ত গুলাবকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
