ওঙ্কার ডেস্ক: কুসংস্কারের বলি হলেন এক বছরের শিশু এবং তার মা। ডাইনি সন্দেহে সন্তান-সহ মায়ের গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত পুড়িয়ে খুন করল উন্মত্ত জনতা। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। নিহত মায়ের বয়স ৩২ বছর বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন নিহত মহিলার স্বামী। তার ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
রিপোর্ট অনুসারে, মঙ্গলবার গভীর রাতে কুমারডুঙ্গি থানা এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। হামলার সময় মহিলার স্বামীও জখম হন। কোনও ভাবে তিনি পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন। এক আত্মীয়ের বাড়িতে রাত কাটিয়ে বুধবার সকালে থানায়অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, কিছু লোক মাঝরাতে তাঁদের বাড়িতে আসে। এসে তাঁর স্ত্রীকে ডাকতে শুরু করে। এর ফলে তিনি ঘুম থেকে ওঠেন। তিনি বলেন, বাইরে এসে তিনি দেখেন, ১০ থেকে ১২ জনের এক দল লোক তাঁর স্ত্রীকে ডাইনিবিদ্যা চর্চা করার অভিযোগ তুলে হট্টগোল শুরু করে। সন্তান-সহ স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। যার ফলে দু’জনেরই মৃত্যু হয়।
জগন্নাথপুরের এসডিপিও রাফায়েল মুর্মু সংবাদ সংস্থাকে বলেন, ‘স্বামী পুলিশে অভিযোগ দায়ের করার পর, তাঁকে কুমারডুঙ্গির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা অভিযোগে নাম থাকা চার জনকে গ্রেফতার করেছি। আমরা সেইসব নারীদের শনাক্ত করার চেষ্টা করছি যারা কুসংস্কারের বশে এই অপরাধে অংশ নিয়েছিল।’
