ওঙ্কার ডেস্ক: প্রেমিক খুন হওয়ার একদিন পর নিজেই আত্মহত্যা করলেন তরুণী। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের জেলার চিলকানা এলাকায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে যুবকের খুনের ঘটনায় তরুণীর পরিবারের দিকে আঙুল তুলেছে নিহতের পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী তরুণীর নাম অঙ্কিতা। শুক্রবার তাঁর প্রেমিক মাহিলকে খুন করা হয় বলে অভিযোগ। যে ঘটনায় অভিযোগের আঙুল ওঠে অঙ্কিতার পরিবারের দিকে। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় মাহিলের পরিবার। শুধু তাই নয় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় তারা। সেই আবহে ১৮ বছর বয়সী অঙ্কিতাকে বাড়ি থেকে মৃত অবস্থায় শনিবার উদ্ধার করা হয়। তাঁর নিথর দেহের কাছ থেকে একটি খালি কীটনাশকের প্যাকেট উদ্ধার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (দেহাট) সাগর জৈন জানিয়েছেন, অঙ্কিতার দুই নাবালক ভাইকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কী ভাবে মাহিলকে খুন করা হয়েছে, খুনের পিছনে কী কারণ রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি এই খুনের পিছনে আর অন্য কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অন্য দিকে অঙ্কিতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আধিকারিকরা জানান, গোটা বিষয়টির তদন্ত করা হচ্ছে।
