ওঙ্কার ডেস্ক: ‘আই লাভ মহম্মদ’ স্লোগানের সমর্থনে জমায়েত থেকে শুক্রবার উত্তরপ্রদেশের বরেলিতে অশান্তি ছড়ায়। পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতে স্থানীয় মাওলানা যিনি বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ, তাঁকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার এক অনুষ্ঠান থেকে যোগী আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশ সরকার দৃঢ় বার্তা দিয়েছে, যে কোনও রকমের বিঘ্ন ঘটালে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
শনিবার ‘বিকশিত ইউপি’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, মুখ্যমন্ত্রী নাম না করে ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকির রাজা খানকে নিশানা করে বলেন, ‘গতকাল, একজন মাওলানা ভুলে গেছেন যে রাজ্যে ক্ষমতায় কে আছেন।’ আদিত্যনাথ নাম না নিয়ে বলেন, ‘তিনি ভেবেছিলেন যে তিনি যখন ইচ্ছে সিস্টেম স্তব্ধ করে দিতে পারেন, কিন্তু আমরা স্পষ্ট করে দিয়েছি, কোনও রাস্তা অবরোধ বা কারফিউ থাকবে না। তবে, আমরা যে শিক্ষা দিয়েছি তা ভবিষ্যত প্রজন্মকে দাঙ্গা করার আগে দুবার ভাবতে বাধ্য করবে।’
প্রসঙ্গত, শনিবার তৌকিরকে পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। বরেলির এসএসপি অনুরাগ আর্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তৌকির রাজাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আরও আইনি প্রক্রিয়া চলছে। পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে রয়েছে।’ যোগী আদিত্যনাথ বলেন যে ২০১৭ সাল থেকে রাজ্যে কারফিউ জারির অনুমতি দেওয়া হয়নি। কারণ তিনি জনসমাবেশের নেপথ্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ্য, শুক্রবার বেরিলিতে ‘আই লাভ মহম্মদ’ স্লোগানের সমর্থনে একটি মসজিদের কাছে বেশ কয়েক জন বিক্ষোভকারী জড়ো হয়। তার পর হিংসা ছড়িয়ে পড়ে। ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান ও মাওলানা তৌকির রাজার ডাকে এই সমাবেশ হয় বলে অভিযোগ।
