ওঙ্কার ডেস্কঃ সঙ্গিনীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিল লিভ ইন পার্টনার। ১৯ বছরের তরুণীর উপরে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন লিভ ইন সঙ্গী। গুরুগ্রামের ঘটনা। পুলিশের কাছে ত্রিপুরার বাসিন্দা তরুণী দাবি করেছেন, টানা তিনদিন ধরে তাঁর উপরে অকথ্য অত্যাচার চালিয়েছিলেন ১৯ বছর বয়সি দিল্লির বাসিন্দা শিবম। গত ১৯ ফেব্রুয়ারি দু’জন বিয়ে নিয়ে কথা বলছিলেন। বিয়ের ব্যাপারে আগে আশ্বাস দিলেও পরে বেঁকে বসেন শিবম। সেই নিয়েই মধ্যরাতে শুরু হয় ঝগড়া। এরপরই অত্যাচার শুরু। তরুণীর বয়ান, রীতিমতো ভয় ধরানো। জানা যায়, তরুণীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। এবং ধাতব বোতল দিয়ে আঘাতও করেন তাঁর মাথায়। পাশাপাশি ঘরের আসবাবেও মাথা ঠুকে দেন। তারপরে ছুরি নিয়ে তাড়া করেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি নির্যাতিতা।
সূত্রের খবর, গত বছরের সেপ্টেম্বরে দু’জনের আলাপ। সেখান থেকে সম্পর্ক। এর মধ্যেই একসঙ্গে গুরুগ্রামে থাকতে শুরু করেন তারা। শিবমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। জবানবন্দীতে নির্যাতনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, তরুণীর মা দাবি করেছেন, অভিযুক্তর বিরুদ্ধে যেন ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়। তিনি জানাচ্ছেন, তাঁর মেয়ের ফোন পেয়েই পুলিশে খবর দেন তিনি। মেয়ে যে ওই তরুণের সঙ্গে একসঙ্গে থাকত, তা তাঁরা জানতেন না বলেও দাবি নির্যাতিতার মায়ের।
