গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ের জীবনতলা থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনায় সোমবার রাতে থানার সামনে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ তোলেন তারা। যদিও প্রশাসনের দাবি, অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের এবং কোনও পুলিশকর্মী তাঁকে মারধর করেননি। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুড়িয়াভাঙা এলাকার বছর কুড়ির এক যুবক এক নাবালিকাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। পরে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে চার দিন আগে দুজনকেই থানায় হাজির করানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এরপর নাবালিকাকে ছেড়ে দেওয়া হলেও যুবককে থানাতেই আটকে রাখা হয়। কিন্তু পরে তার শারীরিক অসুস্থতা দেখা দিলে যুবককে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি, পুলিশি হেফাজতেই তাঁকে মারধর করা হয়েছে যার জেরে এই মৃত্যু। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাতভর থানার সামনে ভিড় জমান স্থানীয়রা এবং দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবিতে বিক্ষোভ চলতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পুলিশ আধিকারিক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন যে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে এবং দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এবং বড়সড় অশান্তি এড়াতে জীবনতলা থানা চত্বরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।