ওঙ্কার ডেস্ক: মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসানের কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শাহের মন্ত্রকের সেই ঘোষণার পর উত্তর-পূর্বের ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন উমনাম খেমচাঁদ সিং। বুধবার সন্ধ্যায় তিনি মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এদিন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর সঙ্গে শপথ নেন নেমচা কিপগেন এবং লোসি দিখো। রাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হন গোবিন্দদাস কন্থুজাম।
উল্লেখ্য, বুধবার সকালে মণিপুর থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এন বীরেন সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রাষ্ট্রপতি শাসন জারি হয়। তার পর থেকে মণিপুরের বিধানসভা স্থগিত অবস্থায় ছিল। সূত্রের খবর, খেমচাঁদ মেইতেই সম্প্রদায়ের। অন্য দিকে তাঁর দুই ডেপুটি নেমচা কিপগেন এবং লোসি দিখো যথাক্রমে কুকি এবং নাগা উপজাতির। ৬১ বছর বয়সী খেমচাঁদকে বিশেষ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।
গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। বর্তমানে মণিপুর বিধানসভায় বিজেপির বিধায়ক রয়েছেন ৩৭ জন। এনডিএ-র শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি-র রয়েছেন ৬ জন বিধায়ক। এছাড়া নাগা পিপলস ফ্রন্ট-এর ৫ জন বিধায়ক আছেন। নির্দল বিধায়ক রয়েছেন ৩ জন। সম্প্রতি সরকার গঠনের আলোচনা চলাকালীন, কিছু কুকি নাগরিক সংগঠন বিবৃতিতে ঘোষণা করেছে, তারা মণিপুরে কোনও সরকারের অংশ হবে না। মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উমনাম খেমচাঁদ সিং শপথ গ্রহণের পর সে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি কতটা নিয়ন্ত্রণ করতে পারেন, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর কাছে।
