ওঙ্কার ডেস্কঃ ভারতকে চাপে রাখতে চট্টগ্রামের মিসরাইয়ে একটি অস্ত্র কারখানা গড়তে চায় বাংলাদেশ সরকার। পাকিস্তান ও চিনের সহায়তায় অস্ত্র কারখানা হবে বাংলাদেশের মাটিতে। সোমবার রাতে হম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভায় সিদ্ধান্ত হয়েছে মিরসরাইয়ে ৯০০ একর জমিতে অস্ত্র কারখানা গড়ে তোলা হবে। মূলত কামান এবং গোলাবারুদ তৈরির জন্য ওই কারখানা স্থাপন করতে চায় বাংলাদেশ।
ইউনূস সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কারণ একটা অস্ত্র কারখানা গড়ে তোলার মত অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের নেই। আর পাক চিনের সাহায্যে কারখানা গড়া হলেও, তা হবে চট্টগ্রামে, ভারত সীমান্তের কাছে।
আরোও তাৎপর্যপূর্ণ বিষয় হল, শেখ হাসিনা সরকারের সময়ে ওই জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। সেখানে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কলকারখানা গড়ে তোলার পর রপ্তানি করার কথা ছিল। ২০২৪ সালে আগস্টের ঘটনার পর ওই প্রকল্প নিয়ে আর কোনও কথা হয়নি। সেই জমিটাকেই অস্ত্র তৈরির কারখানার জন্য বরাদ্দ করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশ সরকারের এক পদস্থ কর্তা বলেছেন, বিশ্ববাজারে এখনও কামান এবং গোলাবারুদের যথেষ্ট চাহিদা রয়েছে। আর বাংলাদেশ এতদিন যাবতীয় যুদ্ধাস্ত্র বিদেশ থেকে আমদানি করত। এবার থেকে বাংলাদেশও রপ্তানির পথে পা বাড়াবে।
প্রসঙ্গত, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। এই সময় বিদায়ী অন্তর্বর্তী সরকার কি করে অস্ত্র কারখানার তৈরির মতো প্রকল্পে সায় দিল তা নিয়ে বিস্মিত সংশ্লিষ্ট মহল।
