ওঙ্কার ডেস্ক: নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। তিনি হলেন শহরটির প্রথম মুসলিম মেয়র। ১ জানুয়ারি ম্যানহাটনের একটি বন্ধ সাবওয়ে স্টেশনে এক অনুষ্ঠানে কোরআনে হাত রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত এই ডেমোক্র্যাট।
শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন মামদানি বলেন, ‘এটি সত্যিই জীবনের সম্মান এবং সৌভাগ্য।’ ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামদানির স্ত্রী রামা দুয়াজি। স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ সিটি হলে এক অনুষ্ঠানে আরও এক বার জাঁকজমকভাবে শপথ গ্রহণ করবেন মামদানি। এই অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
কে এই মামদানি?
১৯৯১ সালে উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন জোহরান মামদানি৷ তাঁর বাবা বিখ্য়াত লেখক মাহমুদ মামদানি। মা প্রখ্যাত চিত্র পরিচালক মীরা নায়ার। আফ্রিকার ওই দেশেই তিনি বড় হন। মামদানির বয়স যখন সাত, সেই সময় পরিবারের সঙ্গে নিউইয়র্ক সিটিতে চলে আসেন। মার্কিন যুক্তরাশষ্ট্রের নাগরিকত্ব পান ২০১৮ সালে। নিউইয়র্কের ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে পড়াশোনার পর বোডোইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক হন। ২০২০ সালে মামদানি নিউইয়র্ক স্টেট অ্যাসেমব্লিতে নির্বাচিত হন।
