ওঙ্কার ডেস্ক: রাজ্যে ১০০ দিনের কাজ (MGNREGA) কার্যত বন্ধ হয়ে রয়েছে প্রায় তিন বছর। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ২০২৪ সালের ১ অগস্ট থেকে প্রকল্প ফের চালু করতে হবে। তবে সেই নির্দেশ মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তারা পৌঁছল সুপ্রিম কোর্টে। সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই মামলার শুনানি শুরু হতে পারে।
কেন্দ্রের দাবি, প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে অন্যদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, মৃতদের নামে অর্থ তোলা হয়েছে, এমনকি কাগজে-কলমে কাজ দেখিয়ে অর্থ তোলা হয়েছে। ২০২৪ সালে কেন্দ্রীয় পরিদর্শক দল তদন্ত করে অন্তত ৬১৩ কোটি টাকার অনিয়ম চিহ্নিত করে। এর মধ্যে রাজ্য সরকার প্রায় ২১০ কোটি টাকা উদ্ধার করেছে বলেও দাবি করেছে। আদালতের নির্দেশে গঠিত চার সদস্যের বিশেষ কমিটি চলতি বছরের এপ্রিলে রিপোর্ট জমা দিয়ে জানায়, চার জেলায় অন্তত ২৪ কোটি টাকা ফেরত আনা সম্ভব হয়েছে।
অন্যদিকে, রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্র রাজনৈতিক কারণে টাকা আটকে রেখেছে। তৃণমূল কংগ্রেস একাধিকবার দাবি করেছে, দুর্নীতি থাকলেও প্রকল্প বন্ধ রাখায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামীণ শ্রমিকরা। সুপ্রিম কোর্টেও এই যুক্তিই গুরুত্ব পেতে পারে, কারণ এর আগে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ মন্তব্য করেছিলেন “যাঁরা কাজ পাচ্ছেন না বা কাজ করেও মজুরি পাচ্ছেন না, তাঁদের কেন ভুগতে হবে?” আদালত তখন বলেছিল, অভিযোগ ওঠা জেলা বাদ দিয়ে অন্যত্র কাজ চালু রাখা যেতে পারে।
এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলাদা মামলা করে সিবিআই তদন্তের দাবি তুলেছেন। শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকেও অভিযোগ উঠেছে, ডিসেম্বর ২০২১ থেকে মজুরি বন্ধ। তাঁদের দাবি, বকেয়া মজুরি অবিলম্বে মেটাতে হবে এবং সুদও দিতে হবে। এখন সবার নজর সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশ বহাল থাকে কি না, নাকি শীর্ষ আদালতের নতুন নির্দেশে ফের আটকে যায় ১০০ দিনের কাজ তা-ই নির্ধারণ করবে রাজ্যের লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকের ভবিষ্যৎ।
