ওঙ্কার ডেস্কঃ ফরিদাবাদের হোটেলে মহিলা শুটারকে ধর্ষণের অভিযোগ। ২৩ বছর বয়সি এক মহিলা শুটারকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা শুটারের অভিযোগের ভিত্তিতে সরাইখাজা থানায় মামলা দায়ের করা হয়। এরপর অভিযুক্ত সতেন্দ্র, গৌরব এবং শুটারের এক বান্ধবীকে হোটেল চত্বর থেকেই গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা শুটার মঙ্গলবার একটি প্রতিযোগিতায় অংশ নিতে তাঁর বান্ধবীর সঙ্গে ফরিদাবাদে আসেন। প্রতিযোগিতা শেষ হওয়ার পর বুধবার সন্ধ্যায় তাঁর বান্ধবী ফরিদাবাদের বাসিন্দা পরিচিত গৌরবকে ফোন করে মেট্রো স্টেশনে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। গৌরব তাঁর বন্ধু সতেন্দ্রকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। এরপর চারজন মিলে সিদ্ধান্ত নেন যে তারা ওই রাত ফরিদাবাদেই থাকবেন এবং পরদিন ফিরে যাবেন। সেই অনুযায়ী তারা একটি হোটেলে দুটি ঘর বুক করেন। একসঙ্গে তারা পার্টিও করেন।
নির্যাতিতার অভিযোগ, রাত প্রায় ৯টার সময় নির্যাতিতার বান্ধবী গৌরবের সঙ্গে কিছু জিনিস আনতে নিচে গেলে ঘরে থাকা সতেন্দ্র ওই শুটারকে ধর্ষণ করে। পরে বান্ধবী ফিরে এলে তিনি ঘটনাটি জানান এবং অন্য এক পরিচিত ব্যক্তিকেও বিষয়টি জানান। এরপর অভিযুক্তদের ঘরে আটকে রেখে তিনি পুলিশের দ্বারস্থ হন।
খবর পেয়ে পুলিশ দল হোটেলে পৌঁছে তিন অভিযুক্তকেই গ্রেফতার করে। পরে তাঁদের ফরিদাবাদের একটি আদালতে পেশ করা হয়।
