কাঁকসা, পশ্চিম বর্ধমান: বসতবাড়ির মন্দির থেকে উধাও হয়ে গেল ৩০০ বছরের বেশি প্রাচীন নারায়ণ শিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসার অযোধ্যা গ্রামে। কুলদেবতার শিলা চুরির ঘটনায় উদ্বিগ্ন মুখার্জি পরিবার সহ গোটা গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, অযোধ্যা গ্রামের বাসিন্দা পবিত্র মুখার্জির বাড়িতে প্রায় তিনশো বছর ধরে এই নারায়ণ শিলার পুজো হয়ে আসছে। প্রতিদিনের মতো সকালে পরিবারের সদস্যরা নিত্যপুজো করতে মন্দিরে গেলে দেখেন শিলাটি তার আসনে নেই। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে এলাকায়।
পবিত্র মুখার্জি জানান, তাঁদের পরিবারে এই শিলা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পূজিত হয়। সকালে পুজো দিতে গিয়ে শিলা না দেখে তাঁরা হতবাক হয়ে যান। তিনি আরও জানান, কিছুদিন আগেও ওই মন্দির থেকেই একটি শঙ্খ উধাও হয়ে গিয়েছিল।
শিলাটি কে বা কারা নিয়ে গেছে, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পরিবারের তরফে ই-মেলের মাধ্যমে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হচ্ছে বলে জানা গেছে। পরপর মন্দির থেকে ধর্মীয় সামগ্রী উধাও হওয়ায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পর থেকে অযোধ্যা গ্রামে ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ। পুলিশ তদন্তে রহস্যের কিনারা হয় কি না, সেদিকেই তাকিয়ে পরিবার ও গ্রামবাসীরা।