নিজস্ব সংবাদদাতা: যে কোনও মুহূর্তে ইরানে হামলা হতে পারে বলে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পরই পাল্টা দাবি করল ইরান। হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হরমুজ তীরবর্তী বন্দর শহর বন্দর আব্বাসের কাছে মার্কিন ড্রোনটিকে গুলি করে নামিয়েছে ইরানের সেনা।
এই ঘটনার ঠিক আগেই ইরানে হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। শনিবার আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী মিড টার্ম নির্বাচনে আগাম ভোট দিয়ে তিনি বলেন, রবিবারই ইরানে হামলা হতে পারে। আবার একই সঙ্গে সমঝোতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের ট্রাম্প বলেন, কালই হামলা করতে পারি, সেই সম্ভাবনা আছে। আবার আমাদের মধ্যে বড় ও সুন্দর সমঝোতাও হতে পারে।
এর আগে শনিবার ফ্লরিডার এক জনসভায় ট্রাম্প বলেন, ইরান ফের মহাকাব্যিক রোষের মুখে পড়তে পারে। অর্থাৎ বড় হামলার ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে সমুদ্রের নিচ দিয়ে যাওয়া যোগাযোগের কেবল ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, ওই কেবলগুলির উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কেবল ক্ষতিগ্রস্ত হলে গোটা পশ্চিম এশিয়ায় ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে। এই হুমকির পরই ট্রাম্প ফের হামলার কথা বলেন।
তবে ইরান সমঝোতা নিয়ে আন্তরিক কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ওরা সমঝোতা করতে চায়, কিন্তু প্রশ্ন হল ওরা তা ধরে রাখতে পারবে কি না। ইরানকে কোনওভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, তার জন্য যা করার দরকার তাই করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।