অর্পিতা মুখার্জী, কলকাতা: মন্ত্রিসভা রদবদল নিয়ে জল্পনা চলার মধ্যেই সংসদ নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলল। চলতি মাসের শেষ ১০ দিনে যে কোনও দিন বসতে পারে সংসদের বিশেষ অধিবেশন। মূল লক্ষ্য, লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ করানো।
এই প্রসঙ্গে শনিবার একটি বার্তা সামনে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে রাজ্যের বিজেপি সাংসদদের কাছে ওই বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রের দাবি। বার্তায় বলা হয়েছে, বিশেষ অধিবেশন এবং গুরুত্বপূর্ণ বিল আসতে পারে, এই কথা মাথায় রেখে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাংসদদের কলকাতা বা দিল্লিতেই থাকতে হবে। এই সময়ে বাইরে কোথাও যাওয়া যাবে না।
প্রস্তাবিত বিলটি মহিলা সংরক্ষণ আইনের সঙ্গে যুক্ত। এটি একটি সংবিধান সংশোধনী বিল। ফলে শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পাশ করানো যাবে না। লোকসভা ও রাজ্যসভায় উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন লাগবে। বিল অনুযায়ী, লোকসভার মোট আসন ৫৪৩ থেকে বেড়ে হবে ৮৫০। প্রতিটি রাজ্যে আসন ৫০ শতাংশ করে বাড়ানোর প্রস্তাব রয়েছে। এপ্রিলে বিজেপি এই বিল পাশ করাতে পারেনি। তবে এবার শীর্ষ নেতৃত্বের দাবি, দুই কক্ষেই প্রয়োজনীয় সমর্থন পাওয়া যাবে।
লোকসভায় বিল পাশ করাতে দরকার ৩৬০ জন সাংসদের সমর্থন। কিন্তু এই মুহূর্তে এনডিএ-র হাতে আছে ৩১৭ জন সাংসদের সমর্থন। ঘাটতি রয়েছে ৪৩ জনের। সেই ঘাটতি পূরণে এখন বিরোধী শিবিরের দিকে তাকিয়ে বিজেপি।
দিল্লিতে জোর জল্পনা, তামিলনাড়ুর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হতে পারে। এর বিনিময়ে ডিএমকে-র সমর্থন পাওয়ার চেষ্টা চলছে। আবার উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আসন বাড়বে বলে সমাজবাদী পার্টির সমর্থনও আশা করছে বিজেপি। বিজেপির হিসাব, আসন বৃদ্ধিতে লোকসভা ভোটে লাভ হবে অখিলেশ যাদবেরও। ডিএমকে এবং সমাজবাদী পার্টি পাশে দাঁড়ালে দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যা পেতে আর অসুবিধা হবে না বলে মনে করছে গেরুয়া শিবির।