অর্পিতা মুখার্জী, কলকাতা: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। শনিবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের আয়োজিত সামিটে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর ইঙ্গিত, বেশিরভাগ বিষয়ে দুই দেশের মধ্যে সহমত হয়ে গিয়েছে। ফলে খুব শীঘ্রই চুক্তি সই হতে পারে।
ওই সামিটে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, আমরা এখন শেষ পর্যায়ে আছি। এটা কোনও গোপন কথা নয়। আশা করছি, শীঘ্রই চুক্তিটা শেষ করতে পারব। তাঁর কথায়, সমস্ত দিক খতিয়ে দেখে খুঁটিনাটি আলোচনা হয়েছে দুই দেশের। এখন অল্প কিছু বিষয় বাকি, যার বেশিরভাগই আমেরিকার দিক থেকে। কারণ পরিবর্তনটা বেশি হয়েছে আমেরিকার দিকেই।
তিনি আরও বলেন, আমাদের মূল বিষয় হল, আমরা এমন একটা চুক্তি চাই যা লাভজনক হবে, ভারসাম্যপূর্ণ হবে এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলির তুলনায় আমাদের তুলনামূলক সুবিধা দেবে। বাণিজ্য আলোচনা মানে শুধু কাগজে সই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে চাকরি, জীবিকা। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যায় না বলেও মন্তব্য করেন জয়শংকর।
একই সুর শোনা গিয়েছে বাণিজ্য মন্ত্রকের তরফেও। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিরা ভারতকে প্রতিদ্বন্দ্বী দেশগুলির তুলনায় অধিক শুল্ক-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এটাই ছিল ভারতের প্রধান দাবি। চুক্তি সইয়ের পর যাতে আমেরিকা নতুন করে অতিরিক্ত শুল্ক চাপাতে না পারে, তার জন্য চুক্তির আইনি পাঠ্যে সেই সংক্রান্ত ধারাও রাখা হচ্ছে।চুক্তিতে আরও একটি শর্ত থাকছে, যেখানে বলা হবে যদি কোনও এক দেশ অপর দেশের উপর শুল্ক বদলায়, তবে দ্বিতীয় দেশও চুক্তির অধীনে তার প্রতিশ্রুতি বদলাতে পারবে।
উল্লেখ্য, আগামী মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪-১৫ ডিসেম্বর মিয়ামিতে আয়োজিত হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন।সূত্রের খবর, সেই সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে। সেখানেই এই চুক্তির বিষয়ে ঘোষণা হতে পারে বলে জল্পনা চলছে।