অর্পিতা মুখার্জী, কলকাতা: দীর্ঘদিন পর ভারত-পাকিস্তান কূটনীতিতে নতুন মোড়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা আর তার জবাবে ভারতের অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তাতে কিছুটা হলেও বরফ গলার ইঙ্গিত মিলছে। আগামী ২০ নভেম্বর থেকে রাজধানীতে বসছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের তিন দিনের সিভিলাইজেশন ডায়লগ। সেখানেই যোগ দিতে দিল্লিতে আসছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক।
শনিবার ইসলামাবাদের বিদেশ মন্ত্রকের তরফে এই সফরের কথা জানানো হয়। অপারেশন সিঁদুরের চার দিনের অভিযানের পর এই প্রথম কোনও পাক মন্ত্রী ভারত সফরে আসছেন। তার আগে সর্বশেষ ২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে এসেছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
গত ২৮ অক্টোবর ভারত জানিয়েছিল, নিয়ম মেনে এসসিও-র সব সদস্য দেশকেই এই বৈঠকে ডাকা হয়েছে। কিন্তু তখনকার উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান আদৌ কাউকে পাঠাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। শনিবারের বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে, এসসিও-র কাঠামোর মধ্যে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা আর দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এবারের বৈঠকের আয়োজনে রয়েছে বিদেশ মন্ত্রক ও সংস্কৃতি মন্ত্রক। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ২৫টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন। সভ্যতার সম্পর্ক, সাংস্কৃতিক কূটনীতি, ঐতিহ্য রক্ষা, প্রথাগত জ্ঞান আর শিক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগ — এই বিষয়গুলিকে কেন্দ্র করেই আলোচনা হবে। ভারতের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য অনুষ্ঠানের জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছে দিল্লির পুরানা কেল্লাকে। পাকিস্তান ছাড়া রাশিয়া, চিন, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, বেলারুশ-সহ অন্য সদস্য রাষ্ট্র এবং পর্যবেক্ষক দেশগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।