অর্পিতা মুখার্জী, কলকাতা: ইরান বা ইয়েমেনের হুথিদের তরফ থেকে নতুন কোনও উস্কানি না এলে আপাতত তেহরানের ওপর নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ঘনিষ্ঠ মহলের সঙ্গে বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে শুরু হওয়া এই সংঘাত মার্কিন ভোটারদের মধ্যে খুব একটা জনপ্রিয় হয়নি। যার প্রভাব দেখা গিয়েছে সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনেও। একদিকে সামরিক সংঘাত বন্ধের জন্য আঞ্চলিক মিত্রদের অনুরোধ, অন্যদিকে অস্ত্রের ভাণ্ডার কমে আসার মতো বিষয়গুলি মাথায় রেখেই ট্রাম্প এখন দোলাচলে রয়েছেন।
গত দুই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুজনেই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ না বাড়ানোর অনুরোধ করেছেন। গত ৩১ অক্টোবর সৌদি যুবরাজকে ট্রাম্প আক্রমণের পরিকল্পনা জানালেও, অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাবের কথা তুলে ধরে তা স্থগিত রাখার অনুরোধ করেন বিন সালমান। তবে এই বিষয়ে ট্রাম্প চূড়ান্ত কোনও প্রতিশ্রুতি দেননি।
এছাড়া গত ৭ নভেম্বর এরদোগানের সঙ্গে ফোনালাপেও মার্কিন-ইরান উত্তেজনা অবিলম্বে বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের দাবি, মার্কিন নৌবাহিনীর অবরোধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে ইতিমধ্যেই ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে এবং হরমুজ প্রণালীর ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমেরিকার।
অন্যদিকে, যে কোনও পরিস্থিতির মোকাবিলায় মার্কিন সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই দুটি বিমানবাহী রণতরী মোতায়েন থাকলেও, প্রয়োজনে সেখানে আরও একটি রণতরী পাঠানো হচ্ছে। তবে গোয়েন্দা সূত্রে খবর, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে আমেরিকার দীর্ঘপাল্লার নিখুঁত অস্ত্রের ভাণ্ডার অনেকটাই কমে এসেছে এবং তা এখনও পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি। যদিও হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্টের কৌশলগত লক্ষ্য পূরণের জন্য পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ মার্কিন সেনার কাছে মজুত রয়েছে।
এদিকে, নতুন করে সামরিক অভিযান চালাতে মার্কিন প্রশাসনকে একটানা চাপ দিয়ে চলেছেন ইসরায়েলি আধিকারিকরা। তবে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে অতীতে হামলা চালালেও নতুন করে আঘাত হানলে তা তেহরানের ওপর বড় কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করছেন মার্কিন গোয়েন্দারা। এই পরিস্থিতিতে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের সঙ্গে নতুন করে কোনও চুক্তির প্রয়োজন নেই, কারণ দেশটির শত শত কোটি ডলার এবং কৌশলগত প্রণালী ইতিমধ্যে আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে।