অর্পিতা মুখার্জী, কলকাতা: ফের অশান্ত বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়া। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে গত দু’দিনে মেজর-সহ চার পাক সেনাকর্মীর মৃত্যু হয়েছে। যদিও পাক সেনার দাবি, এই অভিযানে অন্তত ২৪ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ঘটনার পর ফের ভারতের বিরুদ্ধে মদতের অভিযোগ তুলেছে ইসলামাবাদ।
কোথায়, কীভাবে মৃত্যু?
পাক সেনা সূত্রে খবর, বালোচিস্তানে সশস্ত্র কোয়াডকপ্টার দিয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় প্রাণ হারান মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মহম্মদ আদনান খান। অন্যদিকে উত্তর ওয়াজিরিস্তানে আলাদা সংঘর্ষে মৃত্যু হয়েছে হাবিলদার আসমত আলি ও নায়েক আফতাব আলির।
১৩ নভেম্বর থেকে চলছে অভিযান
পাক সেনার বিবৃতি অনুযায়ী, ১৩ নভেম্বর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই প্রদেশের একাধিক জায়গায় অভিযান শুরু হয়। শুক্রবার রাতে কোলপুর এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৮ জঙ্গির। তাদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারীও ছিল বলে দাবি। শনিবার পাল্টা আঘাত হানে জঙ্গিরা। সেনার টহলদারি গাড়িকে নিশানা করে হামলা চালানো হয়। তাতেই মৃত্যু হয় ওই চার সেনাকর্মীর।
ভারতকে দোষ দিল পাকিস্তান
পাক সেনার অভিযোগ, ভারত ও অন্য শত্রু গোয়েন্দা সংস্থার মদতে ড্রোন ও বিস্ফোরক ব্যবহার করে হামলা চালাচ্ছে জঙ্গিরা। সাধারণ মানুষ ও নিরাপত্তারক্ষীদের টার্গেট করা হচ্ছে। এলাকায় শান্তি নষ্ট করাই তাদের উদ্দেশ্য। তবে এই ধরনের কাপুরুষোচিত হামলা নিরাপত্তা বাহিনীকে দমাতে পারবে না বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে পাক সেনা। প্রমাণ ছাড়াই এই অভিযোগ তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। অতীতেও বহুবার একইভাবে ভারতকে দায়ী করেছে পাকিস্তান। প্রতিবারই দিল্লি তা খারিজ করেছে।
শাহবাজ শরিফের প্রতিক্রিয়া
সেনার অভিযানকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর বক্তব্য, আঞ্চলিক শান্তি নষ্ট করতে নিরপরাধ নাগরিক ও নিরাপত্তারক্ষীদের নিশানা করছে শত্রুরা। কিন্তু পাক বাহিনী তাদের প্রতিটি পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম। বাইরে থেকে মদত পাওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চলবে। শহিদ সেনাদের আত্মত্যাগ বাহিনীকে আরও শক্তিশালী করবে।
আগেও একই অভিযোগ
এর আগেও নিজেদের দেশের ভিতরে সন্ত্রাসবাদী হামলার জন্য ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। ২০২৫ সালের ২১ মে বালোচিস্তানের খুজদারে স্কুলবাসে আত্মঘাতী হামলার পরেও ভারতের দিকে আঙুল তুলেছিল পাকিস্তান। তখন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। তাঁর মন্তব্য ছিল, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এবং সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে নিজেদের পরিচিতি থেকে নজর ঘোরাতেই পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলাকে অভ্যাসে পরিণত করেছে।