ওঙ্কার ডেস্কঃ মেসির কলকাতা সফর ভণ্ডুল হয়েছিল যুবভারতীর চরম বিশৃঙ্খলা থেকে। সেই ঘটনার জল গড়িয়েছে বহু দূর। যুবভারতীকাণ্ডে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির নির্দেশে চার সদস্যের সিট গঠন করেছে রাজ্য পুলিশ। এবার সেই সিটের সদস্য সংখ্যা বাড়িয়ে আট করার কথা ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখবে বিশেষ ওই দল।
মঙ্গলবারই সিট গঠন করা হয়েছে। চার সদস্যের সিট-এ রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি জাভেদ শামিম, এডিজি সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুর পুলিশের কমিশনার মুরলীধর। শোনা যাচ্ছে, আট জনের টিমের মধ্যে ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক থাকতে পারেন।
বুধবার সকাল পৌনে ১০টা নাগাদ ফের যুবভারতীতে গিয়েছে তদন্তকারী দল। স্টেডিয়াম পরিদর্শনের পর বিধাননগর কমিশনারেটের অফিসে যায় তারা। কিছু ক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে যায় তদন্তকারী দল। ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।
