ওঙ্কার ডেস্কঃ আরজি কর কাণ্ডে তোলপাড় হয়েছিল বাংলার রাজ্য রাজনীতি। অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছিল রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। অভয়ার সুবিচারের দাবিতে পথে নেমেছিল বঙ্গ বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিক বার অভয়ার বাবা মায়ের সঙ্গে দেখা করতে দেখা গিয়েছিল। কিন্তু সম্প্রতি অভয়ার পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বঙ্গ বিজেপির। বুধবার এই বিষয় নিয়ে নিয়ে মুখ খুললেন খোদ মৃত চিকিৎসকের বাবা। জানালেন, রাজনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই দূরত্ব বাড়িয়েছে বিজেপি।
যদিও প্রস্তাবটা ঠিক কী, সরাসরি অভয়ার বাবা তা বলতে না চাইলেও, সূত্রের খবর, আগামী বিধানসভা নিবার্চনে অভয়ার মা অথবা বাবাকে বিজেপি প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি জানাননি তাঁরা কেউই।
অভয়া কাণ্ডকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের তরফে বারবার এই দাবি করা হচ্ছিল। বিজেপি যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় ছিল, তা অভয়ার বাবার বক্তব্যে স্পষ্ট হয়েছে।
গত বছর আগস্ট মাসে অভয়ার মা-বাবার ডাকে নবান্ন অভিযানের পর থেকেই ধীরে ধীরে দূরত্ব বাড়াতে থাকে বিজেপি নেতারা। বিজেপির সল্টলেক পার্টি অফিসে এক ঘণ্টার বেশি বসে থাকার পর অভয়ার বাবা-মা ফিরে আসতে বাধ্য হন। তখনই অভয়ার বাবা জানিয়েছিলেন, “যে আমাদের রাজনৈতিক প্রস্তাব দেবে আমরা তাঁর সঙ্গে সম্পর্ক রাখব না। অনেক দলই আমাদের ভোটে দাঁড়াতে প্রস্তাব দিয়েছে। তবে আমরা ভালো করেই জানি আদালতেই লড়াই করে আমাদের ন্যায় বিচার আদায় করতে হবে।”
