নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের বিলবোর্ড কাণ্ডে ফের তলব করা হলেও হাজিরা দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে শেক্সপিয়র সরণি থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। রবিবার কালীঘাটে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছিল পুলিশ। কিন্তু অভিষেক থানায় না গিয়ে ইমেলে জানিয়ে দিলেন, হাজিরার জন্য অন্তত ৪৮ ঘণ্টা সময় তাঁর প্রয়োজন।
পুলিশ সূত্রে খবর, ইমেলে অভিষেক লিখেছেন, তিনি সংসদের সদস্য, তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি থাকে। ১১ অক্টোবর নোটিস দিয়ে পরদিনই হাজিরা দিতে বলা তাঁর পক্ষে সম্ভব নয়। এইভাবে কম সময়ের মধ্যে তলব করা একতরফা, স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক। তাই নতুন করে নোটিস দিয়ে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে পুলিশকে অনুরোধ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, পর্যাপ্ত সময় পেলে তদন্তে সবরকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত।
গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের বিলবোর্ড খোলা নিয়ে গোলমাল বাঁধে। অভিযোগ, বেআইনি ও বিপজ্জনকভাবে ঝুলে থাকার কারণ দেখিয়ে পুলিশ ও পুরসভার কর্মীরা ছাদে উঠে তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড খুলে দেন। তা নিয়ে পুলিশ-পুরসভার আধিকারিকদের সঙ্গে সাংসদের অনুগামীদের হাতাহাতি হয়। পরে ওই একই জায়গায় ফের তৃণমূলের ব্যানার টাঙিয়ে দেন অভিষেকরা।
এই ঘটনায় তিনটি এফআইআর রুজু করে তদন্ত করছে শেক্সপিয়র সরণি থানা। আগেও একবার এই মামলায় অভিষেককে তলব করা হয়েছিল, তিনি হাজিরাও দিয়েছিলেন। ফের জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার তাঁর বাড়িতে গিয়েছিল পুলিশ, কিন্তু তখন তিনি দিল্লিতে থাকায় নোটিস গ্রহণের কেউ ছিলেন না। শনিবার দিল্লি থেকে কলকাতায় ফেরার পর রবিবার ফের তাঁর কালীঘাটের বাড়িতে নোটিস দিয়ে আসেন আধিকারিকরা।