ওঙ্কার ডেস্ক: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বয়ান বদল আবার! আগে তিনি অভিষেকের নাম নিলেও এ বার সেই অব অস্থান থেকে সরে গিয়ে ভিন্ন দাবি করলেন সুমিত। তাঁর দাবি, অভিষেক নন, তৃণমূলের তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের নির্দেশেই দলীয় অ্যাকাউন্টে টাকা জমা করেছেন তিনি। সুমিতের আইনজীবী অগ্নিশ বসু তাঁর সঙ্গে দেখা করার পর এ কথা জানিয়েছেন সাংবাদিকদের।
রবিবার ভবানীভবনে সিআইডি দফতরে সুমিতের সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবী। অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে সাক্ষাৎ করে বেরোনোর পর অগ্নিশ বসু জানান, ‘আমি সুমিত রায়কে জিজ্ঞাসা করেছি, তিনি জানিয়েছেন দলের অর্থনৈতিক বিষয় কোষাধ্যক্ষ দেখেন। ২০২০ সালের পর থেকে এই পদে ছিলেন অরূপ বিশ্বাস। এটা দলের সংবিধানেই লেখা রয়েছে। ট্রেজারার যেভাবে নির্দেশ দিতেন, তিনি সেভাবে টাকা দিতেন।’
উল্লেখ্য, শালবনি জমি দুর্নীতি মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে গ্রেফতার করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সুমিতের বিরুদ্ধে অভিযোগ, শালবনি এলাকায় সরকারি জমি বিক্রি করে দেওয়া হত। এ ক্ষেত্রে ভুয়ো নথি তৈরি করা হতো। কোটি কোটি টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রি করে দেওয়ার ঘটনায় আগেই প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিতের হদিশ পান তদন্তকারীরা। এই মামলায় ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিআইডি। তাতে দাবি করা হয়েছে, কেলেঙ্কারির টাকা সুজয়ের হাত ধরে সুমিত রায়ের অফিসে পৌঁছত।