ওঙ্কার ডেস্ক: পালাবদলের পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরও উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই উদ্যোগের অংশ হিসেবেই এবার নিউটাউনে বড় হাসপাতাল তৈরির কাজ শুরু হল। বৃহস্পতিবার নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানিও।
৫১ একর জমির উপর তৈরি হবে এই অত্যাধুনিক হাসপাতাল। এখানে মোট শয্যার সংখ্যা হবে ২ হাজার।
এর মধ্যে অর্ধেক, অর্থাৎ ১ হাজার বেড শুধুমাত্র দরিদ্রদের জন্য বরাদ্দ থাকবে। তাঁদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা জানানো হয়েছে। বাকি ১ হাজার শয্যা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। ফলে হাসপাতালটি একই সঙ্গে সাধারণ রোগী এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের চিকিৎসার সুযোগ দেবে।
প্রায় চার মাস আগে রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে আদানি গোষ্ঠীর বিনিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের জন্য আদানি গ্রুপ লিখিত প্রতিশ্রুতিও দিয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই ঘোষণার পর এবার হাসপাতাল নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হল। হাসপাতাল তৈরিতে আদানি গোষ্ঠী প্রায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য রাজ্যে বড় বিনিয়োগের ঘাটতি নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। সিঙ্গুর থেকে বিনিয়োগ চলে যাওয়ার পর বাংলায় বড় শিল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ হয়নি। নয়া সরকার সেই খরা কাটাতে তৎপর।