ওঙ্কার ডেস্ক: তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে এসেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার মার্কিন মুলুকে জিনপিং পা রাখতেই বড় ঘোষণা করল ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, ওয়াশিংটন ও বেজিং তাদের বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে। তবে নভেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া এই যুদ্ধবিরতি মাত্র দুই মাসের জন্য বাড়ানো হয়েছে।
সংবাদ মাধ্যমকে বেসেন্ট জানান, এই চুক্তির আওতায় দুই দেশ শুল্ক কমাতে এবং নতুন কোনও বাণিজ্য বিধিনিষেধ আরোপ থেকে বিরত থাকতে সম্মত হয়েছে। বেসেন্ট যখন এই বিবৃতি দিচ্ছেন, ঠিক সেই সময় ওয়াশিংটনের অদূরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প নিজে বিমানের কাছে গিয়ে শি জিনপিং-কে স্বাগত জানাচ্ছেন—যা বিরল সৌজন্যমূলক পদক্ষেপ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বেসেন্টের কথায়, ‘এর চেয়ে বড় কোনও চুক্তি করা সম্ভব হবে কি না, কিংবা বর্তমান চুক্তিটিই কেবল বহাল রাখা হবে কি না—তা আমি জানি না।’ তিনি উল্লেখ করেন, ১০ জানুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানোর ফলে উভয় দেশই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আরও সময় পাবে; বিশেষ করে নভেম্বরে চিনে এবং ডিসেম্বরে ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক সম্মেলনগুলোতে এ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে। সূত্রের খবর, বুধবার ওয়াশিংটনের বিশ্বব্যাংক সদর দপ্তরে বেসেন্ট চিনা প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। সেখানেই বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুজনে।