ওঙ্কার ডেস্ক: উপনির্বাচনে ‘খাম’ প্রতীক বণ্টন নিয়ে আইএসএফের দায়ের করা মামলায় নতুন মোড়। প্রতীকটি নিজেদের কাছে রাখার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পালটা হলফনামা দিতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল। দলের তরফে অরূপ রায় আদালতে হলফনামা জমা দিতে চলেছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূলকেই উপনির্বাচনে ‘খাম’ প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।
আইএসএফ এর জন্মের পর থেকে দুটি বিধানসভা নির্বাচনে লড়েছে দলটি। সব ক্ষেত্রেই খাম প্রতীকে ভোটে লড়াই করেছে। কিন্তু নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে খাম প্রতীক বরাদ্দ করেছে কমিশন। ‘খাম’ প্রতীক না পাওয়ায় আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করেছে তাঁর দল। নওশাদের বক্তব্য, ‘খাম’ আইএসএফের প্রতীক হওয়া সত্ত্বেও তা অন্য একটি দলকে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।
আদালতে নওশাদ সিদ্দিকী ‘খাম’ প্রতীক অন্য দলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান। তাঁর বক্তব্য ছিল, প্রতীকটি এমন একটি দলকে দেওয়া হয়েছে, যা ‘রাতারাতি গজিয়ে ওঠা’। তাঁর আরও বক্তব্য, কোনও রাজনৈতিক দল নির্বাচনী প্রতীক পাবে কি না, তার জন্য নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হয়। উপনির্বাচনও একটি নির্বাচন। কিন্তু তাঁদের সঙ্গে আলোচনা না করেই প্রতীক বণ্টন করা হয়েছে। এখন প্রতীক নিয়ে মামলা ও পালটা মামলা কোন দিকে গড়ায় সেদিকেই নজর সকলের।