গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: সরাসরি আছড়ে না পড়লেও উপকূলে প্রভাব দেখাতে শুরু করেছে অর্ণব। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার আকাশ কালো মেঘে ঢাকা। সুন্দরবনজুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, দিনের বেলাতেও নেমেছে অন্ধকার।
ঝড়ের দেখা না মিললেও নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত প্রশাসন। আবহাওয়া দপ্তরের সতর্কতার পর সুন্দরবনজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। মৈপীঠ কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে নদীঘাট সংলগ্ন এলাকায় লাগাতার মাইকিং করা হচ্ছে। ক্যানিং বাসস্ট্যান্ডেও রাত থেকে সকাল পর্যন্ত মাইকে সতর্কবার্তা প্রচার করা হয়েছে। গঙ্গাসাগর-সহ উপকূলের বিভিন্ন এলাকায় চলছে প্রশাসনের প্রচার।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। নদীপথে হাওয়া ও বৃষ্টির দাপট বাড়লে ফেরি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবী ও নদীপথের যাত্রীদের আবহাওয়ার আপডেট দেখে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।