ওঙ্কার ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা জামশেদপুর শহরে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিছন থেকে ধাক্কা মারে চারচাকা গাড়ি। যার ফলে মৃত্যু হয়েছে চার জনের। সংঘর্ষে গাড়িটির সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংহের মেয়ে তৃষা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারি থানা এলাকার মেরিন ড্রাইভ রোডে দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরবেলা। চার লেনের রাস্তার ডান দিকে ডিভাইডারের কাছে ট্রাকটি দাঁড়িয়েছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, ট্রাকটির পিছনে একটি ছোট গাছের ডাল গোঁজা ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, ট্রাকটি সম্ভবত বিকল হয়ে রাস্তাতেই আটকে ছিল। সেটিকে সেখান থেকে সরানো সম্ভব হয়নি। পরে ওই ট্রাকের পিছনে থাকা চারচাকা গাড়িটি সম্পূর্ণ চুরমার অবস্থায় পাওয়া যায়। সংঘর্ষের জেরে গাড়িটির সামনের অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোনারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সুমন জানিয়েছেন, দুর্ঘটনায় চার জন প্রাণ হারিয়েছেন।মৃতদের মধ্যে তৃষা ছাড়াও রয়েছেন সার্থক অগ্রবাল, নমন গুপ্ত এবং বংশিকা খান্ডেলবাল। পুলিশের দাবি, চার জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় দীপিকা পাণ্ডে সিংহের মেয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সহকর্মী মন্ত্রীর পরিবারের এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।