ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের নাম ও ‘জোড়াফুল’ প্রতীক ‘ফ্রিজ’ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালক সংস্থার সেই অন্তর্বর্তী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার শুনানি হল বৃহস্পতিবার। মামলাটি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কাছে পুরো প্রক্রিয়া শেষ করতে কতটা সময় লাগবে, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। দুই পক্ষকে বক্তব্য ও প্রমাণ পেশের পর্যাপ্ত সুযোগ দিয়েও যাতে শুনানি অযথা দীর্ঘ না হয়, সেই ভারসাম্য রাখার কথা বলেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কমিশনকে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের কথা জানিয়েছে। আদালতের বক্তব্য, দু’পক্ষের বক্তব্য এবং নথিপত্র যাচাই করার জন্য কমিশনের হাতেও পর্যাপ্ত সময় থাকা প্রয়োজন। মামলার পরবর্তী শুনানি সোমবার। তার আগে কমিশনকে প্রক্রিয়াটি শেষ করার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে আদালতকে জানাতে হবে।
উল্লেখ্য কালীঘাট এবং ঋতব্রত শিবিরের মধ্যে দলের নাম ও প্রতীক নিয়ে বিরোধের মধ্যেই নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ‘ফ্রিজ’ করে রাখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনও পক্ষই ওই নাম বা প্রতীক ব্যবহার করতে পারবে না। দলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তহবিলের অধিকার কোন গোষ্ঠীর এবং প্রকৃত সাংগঠনিক কর্তৃত্ব কার—এই বিষয়গুলি নির্ধারণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা কমিশনের।