ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের বার্তা দিল আদানি গোষ্ঠী। ২০৩৫ সালের মধ্যে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন গৌতম আদানি। বৃহস্পতিবার নিউ টাউনে ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠান হয়। সেখানেই এই ঘোষণা করেন তিনি। প্রস্তাবিত এই প্রকল্পে থাকবে হাসপাতাল, মেডিক্যাল কলেজ এবং গবেষণাকেন্দ্র। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই হাসপাতালের শিলান্যাস হয় এদিন।
অনুষ্ঠানের মঞ্চে বাংলায় বক্তব্য শুরু করেন গৌতম আদানি। কলকাতা এবং বাংলার মাটিকে প্রণাম জানিয়ে বক্তব্য রাখেন তিনি। বাংলার ইতিহাস এবং মনীষীদের কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। আদানি জানান, গুজরাতের পর পশ্চিমবঙ্গ তাঁর দ্বিতীয় কর্মভূমি। বাংলায় বড় সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন আদানি। নিউ টাউনে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন গৌতম আদানি। এরপর শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন তিনি।
স্বাস্থ্যক্ষেত্রের পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান। বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন থেকে শুরু করে রাস্তা এবং সেতু নির্মাণে লগ্নির কথা জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের গুরুত্বও তুলে ধরেন আদানি। তাঁর বক্তব্য, একদিকে বাংলা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। অন্যদিকে সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা। মহাকরণ এবং কুমারটুলি ঘাটের হেরিটেজ কাঠামো পুনরুদ্ধারের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে দেওয়া হয়েছে। এ জন্য রাজ্যের সঙ্গে মউও স্বাক্ষর হয়েছে। দুর্গোৎসবকে বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রেও আদানি গোষ্ঠী সহযোগিতা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী