অর্পিতা মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকট মেটাতে বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। চুক্তিভিত্তিক প্রায় দু’হাজার চিকিৎসক নিয়োগ করা হবে রাজ্যজুড়ে। শুক্রবার থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই নিয়োগ হবে আঞ্চলিকভাবে। অর্থাৎ কলকাতার চিকিৎসককে উত্তরবঙ্গে যেতে হবে না। উত্তরবঙ্গের চিকিৎসক কাজ করবেন উত্তরবঙ্গেরই হাসপাতালে। যেখানে ঘাটতি রয়েছে, সেই হাসপাতালভিত্তিক নিয়োগ হবে।
চুক্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের জন্য আরও একটা সুখবর রয়েছে। তাঁরা যদি কোনও বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেই চাকরি ছাড়তে হবে না। একইসঙ্গে সরকারি ও বেসরকারি — দুই জায়গাতেই ডিউটি করতে পারবেন তাঁরা। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, শুধু জেলায় নয়, কলকাতার বহু সরকারি হাসপাতালেও চিকিৎসক সংকট রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বেহালার বিদ্যাসাগর হাসপাতাল ও বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের কথা তুলেছেন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা মেডিক্যাল কলেজ, বিদ্যাসাগর হাসপাতাল, বিধাননগর মহকুমা হাসপাতাল, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল, বারাকপুরের বিএন বসু হাসপাতাল, নর্থ সাবারবান হাসপাতালে চিকিৎসকের ঘাটতি চোখে পড়ার মতো। জেলার অনেক হাসপাতালেও পর্যাপ্ত ডাক্তার নেই।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট হাসপাতালই নিয়োগ নিয়ে বিজ্ঞাপন দেবে। কত বেতন, কী দায়িত্ব — সব চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে আবেদনকারী চিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতেই হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, স্থায়ীভাবে ডাক্তার, নার্স নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। পিএসসি পরীক্ষার মাধ্যমে সেই নিয়োগ হবে। কিন্তু পিএসসির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করতে দেড় থেকে দু’বছর সময় লেগে যায়। প্রতিদিন সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য অসংখ্য মানুষ আসেন। তাই দেড় বছর অপেক্ষা করে বসে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে সরকারি হাসপাতালের চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পিএসসির মাধ্যমে নিয়োগে দেড় থেকে দু’বছর লাগে, এটা ঠিক। কিন্তু সেই ঘাটতি মেটাতে চুক্তিভিত্তিক নিয়োগ কোনও স্থায়ী সমাধান হতে পারে না। সংগঠনের বক্তব্য, রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ স্থায়ীভাবেই পূরণ করতে হবে। দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছে সংগঠনটি।