ওঙ্কার ডেস্ক: কোচবিহারে এক চাকরিহারা শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ওই শিক্ষকের শ্বশুরবাড়ির চত্বরের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম স্বপন দাস। বয়স আনুমানিক ৪০ বছর। তিনি তুফানগঞ্জের বাসিন্দা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার অনুমান করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাইফোঁটা উপলক্ষে স্ত্রীকে নিয়ে কোচবিহারের পূর্বরামপুরে শ্বশুরবাড়িতে এসেছিলেন স্বপন। সেখানেই ছিলেন তিনি। ১৩ নভেম্বর স্কুল খোলার আগে তাঁর তুফানগঞ্জে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বৃহস্পতিবার সকালে বাড়ির চত্বর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন স্বপন। জলপাইগুড়ির একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিল হওয়ায় তাঁর চাকরিও চলে যায়। তবে নতুন করে এসএসসির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন স্বপন। জানা গিয়েছে, তাঁর চাকরির মেয়াদ ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত বহাল ছিল। ফলে নতুন পরীক্ষায় পাশ করার পরেও কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
স্বপনের মৃত্যুর নেপথ্যে একাধিক সম্ভাবনা সামনে আসছে। পরিবারের একটি সূত্রের দাবি, চাকরি আদৌ থাকবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি। অন্য একটি সূত্রের বক্তব্য, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। যদিও মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। স্বপনের আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।