ওঙ্কার ডেস্ক: ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক সংঘাত থামাতে আগে মধ্যস্থতা করেছিলেন বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর এই দাবি পাকিস্তান সমর্থন করলেও সায় দেয়নি নয়াদিল্লি। বর্তমানে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছে। এই দুই দেশের মধ্যে সংঘর্ষের আবহে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাক-আফগান দ্বন্দ্ব মেটানো তাঁর কাছে সহজ একটি বিষয়। তবে সেদিকে তিনি আপাতত নজর দিচ্ছেন না।
শুক্রবার হোয়াইট হাউস থেকে ট্রাম্প আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষ বিষয়ে বলেন, ‘আমি জানি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটা সংঘর্ষ চলছে। এটার সমাধান আমার কাছে খুব সহজ। তবে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনার ভার আমার উপর রয়েছে।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ থামাতে আমি ভালবাসি। কারণ, এর ফলে আমি বহু মানুষের মৃত্যু রুখে দিয়েছি।’
উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে গোলাগুলি চলছে। ইসলামাবাদের অভিযোগ, তালিবানশাসিত আফগানিস্তান সীমান্তে হামলা করেছে। অন্য দিকে কাবুলের পাল্টা দাবি, পাকিস্তানের সেনাবাহিনী বিনা প্ররোচনায় তাদের দেশে হামলা চালিয়েছে। শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার-সহ আট জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) তরফে জানানো হয়েছে, নিহত তিন ক্রিকেটারের নাম, কবীর, সিবঘাতুল্লাহ এবং হারুন।
