ওঙ্কার ডেস্ক : শাস্ত্রীয় ঐতিহ্য অনুসারে, ‘ধ্বজ’ তোলা মানে অধর্ম- এর উপর ধর্ম-এর বিজয় স্থাপন। তাই ধর্মের জয়গানকে সবার উপরে স্থান দিতে প্রতীক হিসেবে অযোধ্যায় রাম মন্দিরের পবিত্র পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী মোদী। তার দিনক্ষণও ঠিক হয় এমন সময়, তিথি অনুযায়ী যে সময় রাম-সীতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মঙ্গলবার অযোধ্যার রাম মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় “ধ্বজ আড়ম্বর”। অযোধ্যার রামমন্দিরে যে ধ্বজটির এদিন উত্তলন করলেন প্রধানমন্ত্রী তার উচ্চতা ১০ ফুট, দৈর্ঘ্যে ২০ ফুট। সমকোণী ত্রিভুজাকার পতাকাটিতে একটি উজ্জ্বল সূর্যের ছবি রয়েছে যা ভগবান রামের তেজ এবং বীরত্বের প্রতীক, যার উপর একটি ‘ওঁ’ লেখা আছে এবং একটি কোভিদার গাছের ছবি রয়েছে।
ঐতিহ্যবাহী উত্তর ভারতীয় নাগর স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দিরের শিখরে এই ধ্বজ ওড়ালেন নরেন্দ্র মোদী। মন্দির নির্মাণে উত্তর ও দক্ষিণের স্থাপত্য শৈলীর সংমিশ্রণ ঘটানো হয়েছে। যা ভারতীয় ঐতিহ্যের ধারক হয়ে উঠেছে গোটা মন্দির চত্তর। দক্ষিণ ভারতীয় স্থাপত্য ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের চারপাশ। ৮০০ মিটার দীর্ঘ পারকোটা দক্ষিণ ভারতীয় স্থাপত্যের অনন্য সংস্কৃতি তুলে ধরেছে।

এই দিনটির পিছনে আরও একটি ঐতিহাসিক তাৎপর্য জড়িয়ে আছে। এদিন নবম শিখ গুরু তেগ বাহাদুর জির শহীদ দিবসও। যিনি ১৭ শতকে একটানা ৪৮ ঘন্টা ধ্যান করেছিলেন অযোধ্যায়। যা দিনের আধ্যাত্মিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে।
এদিন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতও।
