অর্পিতা মুখার্জী, কলকাতা: পুলিশের পোশাক পরা লোকটাই নাকি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। আর সেই গাড়ির চাকার তলায় চাপা পড়ল এক স্কুলছাত্রী। পঞ্জাবের অমৃতসরে এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অভিযুক্ত কনস্টেবলকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রাই। জানা গিয়েছে, ধৃতের নাম অমৃতপাল সিংহ। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। অভিযোগ, পিছন দিক থেকে দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারেন অমৃতপাল। ধাক্কার পর ছাত্রীটি গাড়ির নীচে চলে যায়। চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তারাই গাড়ি সরিয়ে ছাত্রীটিকে টেনে বার করেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা গাড়ি থেকে নামান কনস্টেবলকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি তখন সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না। পা টলছিল, বমি করছিলেন। সন্দেহ হওয়ায় স্থানীয়রাই তাঁর গাড়িতে তল্লাশি চালান। তখন গাড়ির ভিতর থেকে মদের বোতল আর সিগারেটের প্যাকেট পাওয়া যায় বলে দাবি।
অম্বেডকর সমাজ দলের চেয়ারম্যান ভিকির অভিযোগ, ধাক্কা মারার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অমৃতপাল। কিন্তু স্থানীয়রা ঘিরে ফেলায় তিনি পালাতে পারেননি। গাড়ি আটকে তাঁকে ধরে ফেলা হয়।
আহত ছাত্রীর পারিবারিক অবস্থা খুবই করুণ। এক আত্মীয় জানিয়েছেন, সম্প্রতি তার বাবা, মা এবং ঠাকুমা-ঠাকুরদার মৃত্যু হয়েছে। এখন সে এক আত্মীয়ের বাড়িতে থাকে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আহত ছাত্রীর চিকিৎসার খরচ বহনের আর্জি জানানো হয়েছে।