নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক সায়ন্তন সান্যাল। সোমবার সকালে উত্তর ২৪ পরগনার জগদ্দল থেকে তাঁকে গ্রেফতার করে পূর্ব বর্ধমান থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বিধায়কের আপ্ত সহায়ক পরিচয় দিয়ে গত ৬-৭ মাস ধরে বিভিন্নভাবে চাপ দিয়ে টাকা আদায় করছিলেন সায়ন্তন। তাঁর বাড়ি ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল থানা এলাকায়। সেখান থেকেই এদিন তাঁকে ধরা হয়। জানা গিয়েছে, গ্রেফতারির নেপথ্যে রয়েছে পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা ঠিকাদার বিশ্বরূপ সাহার অভিযোগ। রায়না থানায় দায়ের করা অভিযোগে বিশ্বরূপ জানান, নানা কাজ পাইয়ে দেওয়া এবং সুবিধা করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ২২ থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছেন সায়ন্তন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়।
এ বিষয়ে বিধায়ক পাপিয়া অধিকারীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, অনেক আগেই সায়ন্তনকে আপ্ত সহায়কের পদ থেকে সরিয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমি আগেই ওঁকে পদ থেকে সরিয়ে দিয়েছি। তারপর ও গ্রেফতার হয়েছে কি না, কী করেছে, সেটা ওর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন।”
জানা গিয়েছে, বিধানসভা ভোটের বেশ কিছুদিন আগে থেকেই পাপিয়ার সঙ্গে যোগাযোগ ছিল সায়ন্তনের। ভোটের পর তাঁকে আপ্ত সহায়ক হিসেবে নিয়োগ করা হয়। প্রভাবশালী মহলে তাঁর যাতায়াত ছিল বলেও খবর।