ওঙ্কার ডেস্ক: জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে রায়গঞ্জে বদলি করা হয়েছিল। রাজ্য সরকারের সেই সিদ্ধান্ত ধাক্কা খেল কলকাতা হাইকোর্টে। বুধবার আদালতের তরফে জানানো হয়েছে আরজি কর মেডিক্যাল হাসাপাতালেই অনিকেতকে পোস্টিং দিতে হবে। বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন এই নির্দেশ দিয়েছেন।
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রতিবাদে ফেটে পড়েছিল গোটা রাজ্য। জুনিয়র চিকিৎসকরাও বিচারের দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন। অনিকেত মাহাতো এই আন্দোলনের অন্যতম মুখ। রাজ্য সরকারের তরফে তাঁকে রায়গঞ্জে বদলি করা হয়েছিল। যার পর অনেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছেন। সরকারের ওই নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিকেত। তাতেই বড় স্বস্তি পেলেন তিনি।
আদালত এদিন, স্পষ্ট জানিয়েছে, রায়গঞ্জ মেডিক্যাল কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে আরজি কর মেডিক্যাল হাসপাতালে পোস্টিং দিতে হবে। শুধু তাই নয়, নির্ধারিত সময়ে নিয়োগপত্রও দিতে হবে রাজ্যকে। বিচারপতির পর্যবেক্ষণ, যে প্রক্রিয়ায় রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল সেটা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের পর্যবেক্ষণ, মেধার ভিত্তিতে পোস্টিং দেওয়ার প্রক্রিয়া বেশিরভাগ চিকিৎসকের ক্ষেত্রে অনুসরণ করা হলেও অনিকেত সহ আরও এক চিকিৎসকের ক্ষেত্রে তা মানা হয়নি। কেন এমনটা হল, তার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা রাজ্য সরকার আদালতে দিতে পারেনি।
