ওঙ্কার ডেস্ক: নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির রেজিস্ট্রেশন হবে পরিবারের মহিলাদের নামে। বৃহস্পতিবার সল্টলেকে অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই দিনটিকেই বাংলায় অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সেই উপলক্ষে সল্টলেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান থেকেই অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা দেওয়ার কথা জানানো হয়। মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার দিনভর ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। প্রত্যেক যোগ্য মহিলা পাবেন ৩ হাজার টাকা।
অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আবাস যোজনার বিষয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হতে চলা বাড়ির মালিকানা মহিলাদের হাতে থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই বাড়িগুলির মালিকানা মহিলাদের দেওয়া হবে। বাড়ির জন্য প্রয়োজনীয় এগ্রিমেন্টও মহিলাদের নামেই করা হবে বলে জানান তিনি। তাঁর কথায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক হিসেবে মহিলাদেরই রাখা হবে।
প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে ভারচুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্যেও উঠে আসে মহিলাদের প্রসঙ্গ। অন্নপূর্ণা ভাণ্ডার কীভাবে মহিলাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জরুরি খরচ নিয়ে দুশ্চিন্তা কমলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করছে।