ওঙ্কার ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জামিনের শর্ত মেনে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবারও আদালতে তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। এই পরিস্থিতিতে পার্থর জামিন বাতিলের আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ২৯ সেপ্টেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা। ফলে ফের তাঁকে জেলে যেতে হতে পারে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাইয়ে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে তাঁকে গ্রেফতার করে ইডি। পরে মামলায় হস্তক্ষেপ করে সিবিআইও তাঁকে গ্রেফতার করে। তৎকালীন রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে মামলার তদন্তে পার্থ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বক্তব্য সামনে আসে। সেখান থেকে শিক্ষা দুর্নীতির বিভিন্ন দিক প্রকাশ্যে আসে বলে অভিযোগ। প্রায় তিন বছর জেলবন্দি থাকার পর ২০২৫ সালের নভেম্বর মাসে শর্তসাপেক্ষে জামিন পান পার্থ। সিবিআইয়ের বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। সেই জামিনের অন্যতম শর্ত ছিল, প্রতি সপ্তাহে অন্তত একদিন আদালতে হাজির হতে হবে তাঁকে। কিন্তু সেই নিয়ম তিনি ধারাবাহিকভাবে মানছেন না বলে অভিযোগ সিবিআই এর।
যদিও পার্থর আইনজীবী দাবি করেছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে অসুস্থ। আর সে কারণেই নিয়মিত আদালতে হাজিরা দিতে পারছেন না। জামিনের অন্য কোনও শর্ত তাঁর মক্কেল ভঙ্গ করেননি বলে দাবি আইনজীবীর। ফলে শুধু অসুস্থতার কারণে নিয়মিত হাজিরা দিতে না পারাকে জামিনের শর্ত লঙ্ঘন হিসেবে দেখা উচিত নয় বলেই তাঁদের বক্তব্য।