ওঙ্কার ডেস্ক: শ্রীরামপুরের কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেল কালীঘাট তৃণমূল। আগামী ২৬ সেপ্টেম্বর সেখানে কর্মসূচি করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সভায় উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী। তবে সভার ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে কর্মসূচি করা যাবে। সর্বাধিক ১০০০ জন থাকতে পারবেন ওই সভায়।
আদালতের তরফে আরও বলা হয়েছে, জিটি রোডে কোনও মিছিল করা যাবে না। সভার কারণে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলও ব্যাহত করা যাবে না। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে সভার আয়োজকদের। উল্লেখ্য প্রথমে কোর্ট ময়দানে ২০০০ মানুষের জমায়েতের অনুমতি চেয়েছিল কালীঘাট তৃণমূল। কিন্তু সেই প্রস্তাবে আপত্তি জানানো হয় রাজ্যের তরফে। রাজ্যের বক্তব্য, শ্রীরামপুর কোর্ট ময়দানের জায়গা তুলনামূলকভাবে ছোট। তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে জেড প্লাস নিরাপত্তা পান। নিরাপত্তার কারণে তাঁর চারপাশে নির্দিষ্ট জায়গা খালি রাখতে হয়। এই জায়গা বাদ দিয়ে ২০০০ মানুষের জমায়েত হলে ভিড় সামলানো কঠিন হবে।
যদিও তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ওই মাঠে এর আগেও বিপুল মানুষের জমায়েত হয়েছে। শ্রেয়া ঘোষালের একটি অনুষ্ঠানে সেখানে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলেও আদালতে উল্লেখ করেন তিনি। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত ১০০০ জনের জমায়েতের অনুমতি দেয় সব শেষে।