ওঙ্কার ডেস্ক: ভারতের মাটিতে সদ্য শেষ হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৬। সম্মেলনে বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা দিল্লিতে এসেছিলেন। গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে কয়েকজন রাষ্ট্রনেতার অসুস্থ হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়ে। সেই তালিকায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামও যেমন ছিল, তেমনই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসার নামও ছিল। আর এই নিয়ে জল্পনা তৈরি হতে ফ্যাক্ট চেক করে স্পষ্ট বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক।
বিদেশমন্ত্রক জানিয়েছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক খবর বিভ্রান্তিকর এবং ভুয়ো। বুধবার চিনের ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেন, দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার সময় শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দিল্লিতেই চিনা প্রেসিডেন্টের চিকিৎসা করা হয়। তাঁর সঙ্গে থাকা চিকিৎসকেরাই জরুরি ভিত্তিতে চিকিৎসা করেন বলে দাবি করা হয়। পরে বিশেষ বিমানে জিনপিংকে বেজিং নিয়ে নিয়ে গিয়ে অস্ত্রোপচারও করা হয়েছে বলে দাবি করেন ওয়ানজুন শিয়ে। তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। চিন সরকার এ বিষয়ে সরকারি ভাবে কোনও তথ্য প্রকাশ করেনি।
অন্য দিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসাকে নিয়েও অসুস্থতার খবর ছড়ায়। কয়েকটি সংবাদমাধ্যমে এমন দাবি করা হয়েছিল বলে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এই দাবিকেও ভুয়ো বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। সোশাল মিডিয়ায় রামফোসার অসুস্থতা সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করে বিদেশমন্ত্রকের ফ্যাক্ট চেক এক্স হ্যান্ডেল। সেখানে পোস্টটিকে বিভ্রান্তিকর বলে চিহ্নিত করা হয়। একই সঙ্গে সোশাল মিডিয়ায় এমন পোস্ট ছড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।