ওঙ্কার ডেস্ক: হিন্দি বনাম আঞ্চলিক ভাষার বিতর্কে এবার তামিলনাড়ু সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট কোনও রাজ্য থেকে হিন্দিকে এভাবে দূরে রাখা যায় না বলে মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। ভাষানীতি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার পরামর্শও দিয়েছেন বিচারপতি।
তামিলনাড়ুর প্রতিটি জেলায় অন্তত একটি করে জহর নবোদয় বিদ্যালয় তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই প্রকল্পের জন্য রাজ্য সরকার জমি দিতে গড়িমসি করছে বলে অভিযোগ। রাজ্যের আপত্তির মূল কারণ ভাষানীতি। তামিলনাড়ু সরকারের বক্তব্য, কেন্দ্রের নিয়ন্ত্রণে নবোদয় বিদ্যালয় তৈরি হলে সেখানে তামিলের তুলনায় হিন্দি বেশি গুরুত্ব পাবে। তাই এই প্রকল্প রাজ্যের ভাষানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই বিষয়টি নিয়ে আগেই মাদ্রাজ হাই কোর্টে মামলা হয়েছিল। সেখানে কেন্দ্রের পক্ষে রায় যায়। আদালত জানায়, কেন্দ্র চাইলে রাজ্যের প্রতিটি জেলায় নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে। মাদ্রাজ হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় থলপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার। তবে শীর্ষ আদালতেও রাজ্যের পক্ষে স্বস্তির রায় মেলেনি।
মামলার শুনানিতে বিচারপতি বিভি নাগরত্ন গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। আগামী তিন মাসের মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় জমি চিহ্নিত করতে হবে। সেই জমি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়ার কথাও বলা হয়েছে। বিচারপতি নাগরত্ন রাজ্য সরকারের অবস্থান নিয়ে বলেন, মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তাঁর বক্তব্য, কোনও একটি রাজ্য থেকে হিন্দিকে এভাবে সরিয়ে রাখা সম্ভব নয়। কেন্দ্র নবোদয় বিদ্যালয় তৈরি করতে চাইলে সেই সুযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন বিচারপতি।