নিজস্ব সংবাদদাতা: ফের আমেরিকাযর স্কুলে বন্দুক হামলা। ওরেগন প্রদেশের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছরের এক কিশোরের এলোপাথাড়ি গুলিতে এক শিক্ষক ও তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
পুলিশ জানিয়েছে, হামলাকারী কিশোর সিলভার রেল এলিমেন্টারি স্কুলের তালাবদ্ধ দরজা গুলি করে ভেঙে ভিতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিক্ষক ও তিন শিশুর। নিহত পড়ুয়াদের বয়স মাত্র ৫, ৮ ও ১১ বছর। আহত হয়েছেন ৭ বছরের আরও এক পড়ুয়া এবং ৫৪ বছর বয়সি এক শিক্ষক, তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারী কিশোরও নিহত হয়েছে। পুলিশের দাবি, স্থানীয় এক বাসিন্দা তাকে অনুসরণ করে স্কুলের ভিতরে ঢুকে গুলি করে হত্যা করেন। তদন্তের স্বার্থে ওই ব্যক্তি এবং হামলাকারী কিশোরের নাম প্রকাশ করা হয়নি। হামলাকারীর সঙ্গে ওই স্কুলের কোনও যোগ ছিল কি না, তাও এখনও স্পষ্ট নয়।
বেন্ডের পুলিশ প্রধান মাইক ক্রান্টজ বলেন, ওই স্থানীয় বাসিন্দার তৎপরতার কারণেই আরও বড় প্রাণহানি এড়ানো গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।